বিজয়নগর
পূর্ববিরোধে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে এনাম খাঁ নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করার ঘটনার জেরে আজ বুধবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নে আক্তার ও বকুল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসব তথ্য জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসানুল্লাহ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এনাম খাঁকে রাস্তায় পেয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে বকুল গ্রুপের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন দুই পক্ষের লোকজন। এতে অন্তত ৪০ জন আহত হন। কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিরোধের জেরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ওসি আহসানুল্লাহ জানিয়েছেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




