জামালপুরে ‘কিংসাইকো’ গ্রুপের কথিত নেতা বিশাল গ্রেপ্তার

কিশোর গ্যাং ‘কিংসাইকো’র কথিত নেতা বিশাল
জামালপুর শহরের বিভিন্ন এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং ‘কিংসাইকো’র কথিত নেতা বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে চলাফেরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রসহ ছবি ও ভিডিও প্রকাশ করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বিশাল জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. ডালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল কিশোর গ্যাং ‘কিংসাইকো’র নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে গ্রুপটির সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া চলাফেরা ও নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরার অভিযোগও রয়েছে।
এ ছাড়া গ্রুপটির সদস্যরা অস্ত্রসহ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করতেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বিশালকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



