যুক্তরাজ্যে সাগরে ভেসে যুবদল নেতার স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যু

যুক্তরাজ্যে সমুদ্রে ভেসে যাওয়া তিনজনের দেহ উদ্ধারে যাচ্ছে স্থানীয় পুলিশ। ছবি: আগামীর সময়
যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে স্রোতে ভেসে প্রাণ হারিয়েছেন সিলেটের প্রবাসী পরিবারের মা-মেয়েসহ তিনজন। বাংলাদেশ সময় গতকাল বুধবার গভীর রাতে কলচেস্টার সিটির কাছে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
পরিবারটির ভেসে যাওয়া সদস্যরা হলেন, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ডা. শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের মেয়ে সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
শেখ মনসুরের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন পরিবারটির আত্মীয় শেখ মাহফুজুর রহমান মুন্না।
তিনি জানালেন, বুধবার পরিবারের সদস্যরা ওই সমুদ্রসৈকতে বেড়াতে যান। এ সময় প্রবল স্রোতে ভেসে যায় শিশু মুসা। তাকে উদ্ধারের চেষ্টায় গিয়ে তলিয়ে যান সেলিনা ও তার মেয়ে সামিয়া।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, এইচএম কোস্টগার্ড, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই), এয়ার অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবার সমন্বয়ে শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার হয় তাদের মরদেহ।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরুও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সেলিনার বাড়ি সিলেটের ছাতক উপজেলায়। যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের মেয়ে তিনি।




