ময়মনসিংহ মেডিকেলের লিফটে আগুন

সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভবনটির একটি অব্যবহৃত লিফটে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লিফটের সরু অংশ দিয়ে দ্বিতীয় তলার দিকে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও দৃশ্য দেখে ওই অংশে থাকা রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়াদৌড়ি শুরু করলে কয়েকজন আহত হন।
খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে কি না, তা প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে রোগীর স্বজনদের সিগারেটের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে লিফটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নতুন ভবনে প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানিয়েছেন, আগুনে ওয়ার্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি।




