নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

নিয়ম না মেনে সার বিক্রি করায় সার ডিলারকে জরিমানা
পাবনার ঈশ্বরদীতে বিধিবহির্ভূতভাবে দুই কৃষকের কাছে ৮০ বস্তা সার বিক্রির দায়ে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স তাইম বীজ ভাণ্ডারের মালিক ও সার ডিলার কামাল হোসেনকে এ জরিমানা করা হয়।
সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী তাকে এ দণ্ড দেওয়া হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি করতে হবে। কোনো ডিলার বিধিবহির্ভূতভাবে সার বিক্রি কিংবা সার মজুদ ও বিতরণে অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন এবং ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



