প্রবাসে থেকেও কক্সবাজারে শারীরিক পরীক্ষা!

গ্রাফিকস: আগামীর সময়
প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। অথচ কক্সবাজারে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে বয়স ও জন্ম তারিখ নির্ধারণ করেছেন এক চিকিৎসক! এমন দাবি সংবলিত একটি প্রত্যয়নপত্র জমা পড়েছে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদনের সঙ্গে। এ নিয়ে প্রশ্ন উঠেছে কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের ভূমিকা নিয়ে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি ও যথাযথ শারীরিক পরীক্ষা ছাড়াই তিনি বয়স নির্ধারণী প্রত্যয়নপত্র দিয়েছেন।
জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি সংশোধনে এমন প্রত্যয়নপত্র ব্যবহারের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুহুল্লার ডেইল এলাকার বাসিন্দা ফজল করিম প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সম্প্রতি তার জন্মনিবন্ধনে জন্মতারিখ সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়। আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয় কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র।
ইউনিয়ন হাসপাতালের প্যাডে তার ব্যক্তিগত চেম্বারের পরিচয় ব্যবহার করে দেওয়া ওই প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, ফজল করিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তার বয়স ৩৩ বছর এবং জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৯৩ নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রায় এক দশক ধরে দেশের বাইরে থাকা একজন ব্যক্তির শারীরিক পরীক্ষা কক্সবাজারে কীভাবে সম্পন্ন হলো, সেই প্রশ্নই এখন সামনে এসেছে।
বিষয়টি জানার পর প্রত্যয়নপত্রের সত্যতা যাচাই করতে চিকিৎসক ডা. রণধীর দেব নাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।
চেয়ারম্যানের অভিযোগ, ফোনে প্রথমে চিকিৎসক প্রত্যয়নপত্রটি দেওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র তার চেম্বারে পাঠিয়ে দিতে বলেন। তবে প্রবাসে থাকা ব্যক্তির শারীরিক পরীক্ষা কীভাবে করা হয়েছে, এ বিষয়ে পুনরায় জানতে চাইলে চিকিৎসক ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন।
মো. নাছির উদ্দিনের ভাষ্য, ‘জন্মনিবন্ধন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের প্রত্যয়নপত্র কীভাবে দেওয়া হলো, সেটি জানতে চেয়েছিলাম। কিন্তু চিকিৎসক সন্তোষজনক কোনো ব্যাখ্যা না দিয়ে উল্টো খারাপ আচরণ করেছেন।’
তিনি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করেছেন।
পরে৷ অভিযোগের বিষয়ে জানতে ডা. রণধীর দেব নাথের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, বিধি অনুসারে এ ধরনের প্রত্যয়নপত্র দেওয়া যায়।
তবে এর প্রায় ১৫ মিনিট পর তিনি নিজেই প্রতিবেদকের মোবাইল ফোনে আবার যোগাযোগ করেন। এবার আগের বক্তব্য থেকে সরে এসে বলেন, ‘এই প্রত্যয়নপত্রটি আমি দিইনি। সাধারণত এ ধরনের প্রত্যয়নপত্র দেওয়ার কোনো নিয়ম নেই।’
একই বিষয়ে অল্প সময়ের ব্যবধানে চিকিৎসকের এমন পরস্পরবিরোধী বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি যদি প্রত্যয়নপত্রটি দিয়ে থাকেন, তাহলে কোন প্রক্রিয়ায় দিয়েছেন, আর না দিয়ে থাকলে তার স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র কীভাবে ইউনিয়ন পরিষদে জমা পড়ল এসব বিষয় এখন তদন্তের দাবি রাখে।
বয়স নির্ধারণের মতো সংবেদনশীল বিষয়ে চিকিৎসকের এখতিয়ার ও প্রক্রিয়া সম্পর্কে কক্সবাজার সদর হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, ‘এ রকম প্রত্যয়ন দেওয়ার কোনো নিয়ম নেই। কারও বয়স নির্ধারণ করতে হলে বিজ্ঞ আদালতের আদেশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট আবেদন প্রয়োজন হয়। সাধারণত সিভিল সার্জনের অনুমতি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মতামতের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হয়ে থাকে।’
ওই বিশেষজ্ঞ আরও বলেছেন, ‘ডা. রণধীর দেব নাথ যদি নিজ দায়িত্বে এ ধরনের প্রত্যয়নপত্র দিয়ে থাকেন, তবে তিনি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ করেছেন। এটি গুরুতর অপরাধ।’
এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তার ভাষ্য, ‘আমি তো বুঝতে পারতেছি না, সে কোন ধরনের ঘটনা করেছে। আপাতত রাখি।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। সেখানে বয়স নির্ধারণী প্রত্যয়নপত্রের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন দেশের বাইরে থাকলে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার দাবি আরও গভীরভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
তাদের প্রশ্ন, একজন নিবন্ধিত চিকিৎসক কীভাবে দেশের বাইরে অবস্থানরত ব্যক্তির শারীরিক পরীক্ষা সম্পন্ন করার দাবি করে বয়স ও জন্মতারিখ নির্ধারণের প্রত্যয়নপত্র দিতে পারেন? এর পেছনে কোনো অসাধু চক্র কিংবা আর্থিক লেনদেন রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, শুধু প্রত্যয়নপত্রের সত্যতা যাচাই নয়, এটি তৈরির প্রক্রিয়া, সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি এবং জন্মনিবন্ধন সংশোধনের আবেদনে এর ব্যবহার— সবকিছু নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




