চাঁদপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম এলাকা থেকে স্কুলছাত্র উদ্ধার

রাতুল দেবনাথ (মাঝে)। ছবি: পুলিশের সৌজন্যে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রাতুল দেবনাথ (১৩) নামের এক স্কুলছাত্রকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
রাতুল মতলব উত্তরের ছেংগারচর সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওইদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। বিষয়টি পরিবারের নজরে এলে তাদের উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেও পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি জিডি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বললেন, শিশুটি নিজে থেকে দুর্গম এলাকায় গিয়েছিল নাকি কেউ তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো যাবে।
পুলিশ জানায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।



