আট বছর পর ভোট দিচ্ছেন চা শ্রমিকেরা

দেশের ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন চা শ্রমিকেরা। ছবি: আগামীর সময়
দীর্ঘ আট বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। দেশের ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় এক লাখ চা শ্রমিক। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, এই চার পদে ভোট দেবেন শ্রমিকেরা।
আজ শনিবার সকাল ৮টা থেকে নির্ধারিত ২৩০টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটকে ঘিরে শ্রমিকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এবার কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন পরেশ কালিন্দী, নিপেন পাল ও মুকেশ কর্মকার। এ ছাড়া দেশের সাতটি ভ্যালি এবং বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ভোটারদের চারটি পৃথক ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং নিজ নিজ বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি পদে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা।
নির্বাচন উপলক্ষে কয়েক দিন ধরেই চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারে বিভিন্ন ভাষায় গান, মাইকিং ও সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রার্থিতা তুলে ধরেছেন। চা শ্রমিকদের অধিকার, মজুরি, জীবনমানের উন্নয়ন এবং ইউনিয়নের নেতৃত্ব নিয়ে এবারের নির্বাচনে বাগানগুলোতে নানা আলোচনা চলছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান দৈনিক আগামীর সময়কে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে এরইমধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাব্বত হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, সারা দেশে ২৩০টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। চারটি আলাদা ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।




