বড় ইলিশের স্বাদে বঞ্চিত বাউফলের মানুষ

ছবি: আগামীর সময়
তেঁতুলিয়া নদীতে একের পর এক বড় আকারের ইলিশ ধরা পড়ছে। জেলেদের জালে উঠে আসা এসব রুপালি ইলিশ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মোকাম ও বাজারে। ফলে নদীর পাড়ের বাউফলের সাধারণ মানুষই বড় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন।
গতকাল সোমবার দুপুরে বাউফলের কালাইয়া হাটসহ বিভিন্ন মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। আড়তে বড় ইলিশ উঠলেও স্থানীয় বাজারে সেগুলোর দেখা মিলছে কম। দু-একটি মাছ পাওয়া গেলেও দাম থাকছে সাধারণ ক্রেতার নাগালের বাইরে।
কালাইয়া বন্দরের অপর্ণা মৎস্য আড়তে ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ দেখে কিনতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা হাসান সিকদার। কিন্তু আড়তের ব্যবসায়ী তাকে জানান, মাছটি স্থানীয়ভাবে বিক্রি করা হবে না। পাঠানো হবে ঢাকায়।
মাছটির দাম জানতে চাইলে জানানো হয়, প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা দরে মাছটি কেনা হয়েছে।
হাসান সিকদার আক্ষেপ করে বলেছেন, ‘আমাদের এলাকার নদীতে ইলিশ ধরা পড়ছে, অথচ বড় ইলিশগুলো এখানকার মানুষ কিনতে পারছে না। ব্যবসায়ীরা বাইরে পাঠিয়ে দিচ্ছেন। বাজারে মাছ থাকলেও আমরা সাধারণ মানুষ কিনতে পারছি না।’
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় বড় ইলিশের চাহিদা বেশি। তাই পাইকাররা বাউফলের বাজার থেকে বড় ইলিশ কিনে ঢাকাসহ বিভিন্ন জেলার মোকামে পাঠিয়ে দেন। পরিবহন, বরফ ও অন্যান্য খরচ যোগ হওয়ায় দূরের বাজারে গিয়ে এসব মাছের দাম আরও বেড়ে যায়।
কালাইয়া বন্দর এলাকার অপর্ণা মৎস্য আড়তের মালিক লক্ষণ সরকার বলেছেন, ‘বড় সাইজের ইলিশ আমরা বাউফলে বিক্রি করি না। এগুলো ঢাকার বিভিন্ন মার্কেট, নড়াইল, যশোরসহ বিভিন্ন মোকামে যায়। বাউফলে এত ক্রেতা নেই। কারও দু-একটা মাছ লাগলে এসে নেয়। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় এলাকার মানুষ এসব মাছ খেতে পারে না।’
তিনি আরও বলেছেন, আড়তে থাকা মাছটি স্থানীয় ক্রেতার কাছে বিক্রি না করে বাইরে পাঠানোর জন্য রাখা হয়েছিল।






