জেলের জালে ‘রাজা ইলিশ’, দাম ১২৮০০

আড়াই কেজি ওজনের ‘রাজা ইলিশ’
বঙ্গোপসাগরের মোহনায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ‘রাজা ইলিশ’। এটি শুক্রবার ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে ১২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
জেলে মিরাজ মাঝির জালে মাছটি ধরা পড়ে গত বুধবার (২ সেপ্টেম্বর)। মাছটি কিনে নেন ইলিশা বিশ্বরোড ঘাটের মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী।
জেলে মিরাজ মাঝি জানান, বুধবার দুপুরে সাগরের মোহনায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। এত বড় ইলিশ সাধারণত পাওয়া যায় না। মাছটি ঘাটে এনে নিলামে বিক্রি করেছেন।
মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী বললেন, ‘মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় শুক্রবারই ঢাকায় পাঠিয়েছি।’
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেছেন, ‘সাগর থেকে ইলিশ নদীতে আসে আবার সাগরে ফিরে যায়। এর মধ্যে কিছু ইলিশ নদীতে থেকে যায়। পরে এসব ইলিশ জেলেদের জালে ধরা পড়ে। ইলিশের ডিম ছাড়ার সময় চলে আসছে। তাই বড় ইলিশ নদীতে আসতে শুরু করেছে।’





