তরমুজ চাষে পথ দেখাচ্ছেন হাফিজুল

ছবি: আগামীর সময়
প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে মাচায় তরমুজ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃষক মো. হাফিজুল ইসলাম। তার ২০ শতক জমিতে ঝুলছে অনুভব ও রোজা গোল্ড জাতের তরমুজ। আধুনিক এ পদ্ধতি দেখতে প্রতিদিনই তার ক্ষেতে ভিড় করছেন আশপাশের কৃষকরা। হাফিজুলের সাফল্য দেখে তারাও মাচায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হাফিজুল ইসলামের ২০ শতক জমিতে মাচায় তরমুজ চাষের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রচলিত পদ্ধতিতে তরমুজের লতা জমির ওপর ছড়িয়ে বেড়ে ওঠে। এতে গাছের পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং ফলের সুরক্ষায় নানা সমস্যা দেখা দিতে পারে। মাচা পদ্ধতিতে লতাগুলো ওপরের দিকে তুলে দেওয়া হয়। ফলে গাছের চারপাশে আলো-বাতাস চলাচল সহজ হয়। পাশাপাশি পরিচর্যা ও বালাই ব্যবস্থাপনাও তুলনামূলক সুবিধাজনক হয়ে ওঠে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইনের মতে, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। উপজেলার মন্মথপুর, রঘুনাথপুর, মোমিনপুর, বড় হরিপুর, ডাঙ্গারহাট, হামিদপুর ও খয়েরপুকুর এলাকার জমিতে এ ফসল চাষের ভালো সম্ভাবনা রয়েছে।
হাফিজুল ইসলামের ভাষায়, তার তরমুজ ক্ষেত দেখতে আশপাশের অনেক কৃষক আসছেন। তারা মাচা তৈরির কৌশল, গাছের পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইছেন। সরেজমিন প্রযুক্তিটির ব্যবহার দেখে তারাও নিজেদের জমিতে এ পদ্ধতি প্রয়োগের কথা ভাবছেন।
বৈগ্রাম গ্রামের কৃষক আসাদুজ্জামান আসাদও মাচায় তরমুজ চাষ দেখে আগ্রহী হয়েছেন। তিনি বললেন, প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন প্রযুক্তিতে তরমুজ চাষের সুযোগ কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। বিশেষ করে স্বল্প জমিতে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন ও জমির সর্বোত্তম ব্যবহারে এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাচায় তরমুজ চাষের মতো প্রযুক্তি কৃষকদের উৎপাদন পদ্ধতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি জমির ব্যবহার আরও কার্যকর করতে পারে। তবে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখা জরুরি।



