এসআরবির অভিযানে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. মুজাহিদ
কুমিল্লার চান্দিনায় দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি মো. মুজাহিদকে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদকে তার নানার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব নাম বদলে আজই এসআরবি হিসেবে যাত্রা শুরু করেছে।
গ্রেপ্তার মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বুড্ডা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশনের কথা বলে দুই নৃত্যশিল্পীকে তিতাস নদীতে নিয়ে নৌকায় তোলেন মুজাহিদ ও তার পাঁচ সহযোগী। ভুক্তভোগীদের বয়স ১৮ ও ১৬ বছর। পরে তাদের তিতাস নদীর মাঝখানে নিয়ে নৌকায় পালাক্রমে ধর্ষণ করা হয়।
ধর্ষণের পর রাতেই দুই তরুণীকে একটি ঘাটে ফেলে রেখে ওই ছয়জন পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীদের একজন বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে এসআরবি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত মুজাহিদের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার মুজাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে মামলার আরেক আসামিকে সরাইল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।



