মধ্যরাতে শ্রীপুরে আগুন, পুড়েছে মসজিদ-দোকানপাট-ঝুটের গুদাম

আগুনে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ আগুনে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ ভাঙারির দোকান পুড়ে গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানিয়েছেন, আগুনে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
নুরুল করিমের ভাষ্য, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়।
চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নুরুল করিম জানিয়েছেন, আগুনে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে।
‘অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে’, যোগ করেন এই স্টেশন অফিসার।



