পদধারী আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলেই পুরস্কার!

ছবি: আগামীর সময়
পদধারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা তাদের পুলিশের হাতে তুলে দেবেন। যদি কোনো পদধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারেন, তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রতিদিন মাঠে থাকবেন। রুটিন করে কর্মসূচি পালন করবেন। বাংলার মানুষ বিএনপির সঙ্গে আছে, তারেক রহমানের সঙ্গে আছে।’
আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছেন। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে নির্দেশনা দিচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। প্রতিটি পাড়া-মহল্লায় দেখবেন কোনো দোসর আছে কি-না। তাদের ধরে আমাকে ফোন দেবেন। আমরা পুলিশ পাঠিয়ে তাদের জেলে ভরব। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না।’
আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা এবং বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে একই দিন সন্ধ্যায় আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতি সভাতেও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একই আহ্বায়ক জানান।
তিনি বলেন, ‘বিরোধী দলে থাকাকালীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিল। এখন আমরা দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মাথায় আছি। এই অবস্থায় কেউ যদি আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, বিএনপির নেতাকর্মীরা বেঁচে থাকতে তা কখনোই সম্ভব নয়।’




