‘কার স্বার্থে অতীতকে ভুলতে হবে’, স্পিকারের বক্তব্যে সিপিবির প্রতিবাদ
- স্পিকারের বক্তব্য জাতীয় মর্যাদার অবমাননা

ছবি: আগামীর সময়
সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফরে দেওয়া বক্তব্যে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির অভিযোগ, স্পিকারের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। একই সঙ্গে ‘কার স্বার্থে অতীতকে ভুলতে হবে’ এমন প্রশ্নও তুলেছে সিপিবি।
আজ রবিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় সংসদে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ডিত করা এবং একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং ক্ষমা চাওয়ার প্রশ্ন আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।
সিপিবির নেতারা বলেন, ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছে। আর করাচির সিন্ধু অ্যাসেম্বলিতে তিনি বলেছেন, ‘আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলটির প্রশ্ন, ‘এই সিদ্ধান্ত কে নিল, কোথায় নিল? কার স্বার্থে অতীতকে ভুলতে হবে?’
তাদের ভাষ্য, বাংলাদেশের জনগণ কিংবা জাতীয় সংসদ কখনো এমন সিদ্ধান্ত নেয়নি। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যাওয়ার অধিকার কারও নেই।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান এখনো ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। এ বছরের মার্চেও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ১৯৭১ সালকে জটিল ও নানা ব্যাখ্যার বিষয় হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া সম্পদের ন্যায্য হিস্যা এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের প্রশ্নও অমীমাংসিত। এসব বিষয় উত্থাপন না করে চিরকাল ভাই থাকার ঘোষণা দেওয়া এবং স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বিভিন্ন কার্যক্রম শহীদদের প্রতি চরম অবমাননা।
সিপিবির নেতাদের ভাষ্য, সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মতিউর রহমান নিজামীর ছেলে মুহাম্মদ নাজিবুর রহমান। এই সফরটি মুক্তিযুদ্ধের প্রতি দেশের মানুষের অঙ্গীকার মুছে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা।
বিবৃতিতে আরও বলা হয়, সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এবং প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কথা বলেছেন। সংবিধানের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে বাংলাদেশকে কোনো সামরিক বলয়ে জড়ানো যাবে না। আলোচনাধীন সব সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রতিরক্ষা বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদে প্রকাশ্য আলোচনা করতে হবে।
সিপিবির নেতারা মনে করেন, বিদেশের মাটিতে দলীয় ও সাম্প্রদায়িক ভাষায় কথা বলা এবং অন্য একটি দেশের বিরোধে পক্ষ নেওয়া স্পিকার পদের মর্যাদার সঙ্গে অসংগতিপূর্ণ। বিবৃতিতে মুক্তিযুদ্ধের প্রতি অঙ্গীকার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।



