সিরাজগঞ্জ
ছাত্রকে গুলি, মনসুর আলী মেডিকেলের প্রভাষকের ২১ বছরের জেল

২১ বছরের কারাদণ্ড পাওয়া প্রভাষক ডা. রায়হান শরীফ। ছবি: আগামীর সময়
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গুলি চালানো এবং অবৈধভাবে বিদেশি অস্ত্র রাখার দায়ে তাকে এই সাজা দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ ঘোষণা করা হয় এই রায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার। তিনি জানালেন, ডা. রায়হান কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় চলছিল ক্লাস। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন ডা. রায়হান। গুরুতর আহত হন তমাল। পরে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১টি রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ আলী অস্ত্র আইনে মামলা করেন।




