সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগ নেতা আওলাদ আহম্মেদ
সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। তার নাম আওলাদ আহম্মেদ (২৩)।
গতকাল সোমবার রাত ১০টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার আওলাদ আহম্মেদ দক্ষিণ সুরমা উপজেলার হিলুরাজি বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ সুরমার লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ি। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার আলমদীরগ্রামে বসবাস করেন।
পুলিশ জানায়, তার নামে সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা রয়েছে। পরে গ্রেপ্তার আওলাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।



