শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুদ্র তাঁতি খেজুরিছড়া চা বাগানের বাসিন্দা ও চা বাগানের গাড়িচালক কমল তাঁতির ছেলে।
স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রাজঘাট নার্সারি-সংলগ্ন লাংলিয়া ছড়ায় গোসল করতে যায় রুদ্র। একপর্যায়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা গোসল শেষে ছড়া থেকে উঠে এলেও রুদ্রকে দেখতে পায়নি। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানায়।
খবর পেয়ে এলাকাবাসী ছড়া ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৪০ থেকে ৫০ জন স্থানীয় বাসিন্দা ছড়ায় নেমে তল্লাশি চালান। প্রায় আধাঘণ্টা অনুসন্ধানের পর ছড়া থেকে রুদ্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় চা বাগান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল। তবে স্থানীয়দের তল্লাশিতে মরদেহ উদ্ধারের পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
রাজঘাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বৈশিষ্ট্য গোয়ালা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রুদ্রের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেলেই সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী বলেছেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে রওনা হওয়ার প্রায় ১৩ মিনিট পর স্থানীয় ইউপি সদস্য ফোন করে জানান, এলাকাবাসী ইতোমধ্যে ছড়া থেকে রুদ্রের মরদেহ উদ্ধার করেছেন। পরে উদ্ধারকারী দলকে আর ঘটনাস্থলে যেতে হয়নি।’
গত ২৩ মে শ্রীমঙ্গলে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছিল।




