এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর

ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ছবি : আগামীর সময়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। গভীর রাতে মাওয়ার পথে যাওয়ার সময় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘটে এ দুর্ঘটনা।
নিহত দুজনই ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা। নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, দুই তরুণ-তরুণী মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন।
পথে সমষপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
মরদেহ উদ্ধারের কথা জানিয়ে সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
পরে মরদেহ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে এখনো শনাক্ত করা যায়নি।



