মাচায় স্বপ্নের দোল

ধান, গম আর ভুট্টার চেনা মাঠে এখন দুলছে বাহারি তরমুজের লতা। বাঁশ ও নেটের মাচায় ঝুলছে হলুদ, সবুজ ও ডোরাকাটা ফল। প্রচলিত ফসলের বাইরে গিয়ে অসময়ের নতুন জাতের তরমুজ চাষ করে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছেন নীলফামারীর কৃষক ওমর আলী। তিন বিঘা জমিতে রোপণ করেছেন ছয় হাজার চারা। তার প্রত্যাশা, ফলন ও বাজারদর অনুকূলে থাকলে এবার ঘরে তুলবেন প্রায় ৬ লাখ টাকা লাভ।
সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের পূর্ব ডাঙাপাড়া এলাকার বাসিন্দা ওমর আলী আগে ধান, গমসহ প্রচলিত ফসলের পাশাপাশি শসা চাষ করতেন। একদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মাচায় নতুন জাতের তরমুজ চাষের একটি ভিডিও দেখে আগ্রহী হন তিনি। পরে শুরু করেন এই চাষ। এবারই প্রথম তার জমিতে আবাদ হয়েছে কিং সুগার ও সূর্য ডিম জাতের তরমুজ।
ওমর আলী জানালেন, ঢাকার একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে চারা সংগ্রহ করেছেন তিনি। তিন বিঘা জমির মধ্যে দুই বিঘায় কিং সুগার এবং এক বিঘায় সূর্য ডিম জাতের তরমুজ লাগিয়েছেন। দুই জাত মিলিয়ে চারা রোপণ করেছেন ছয় হাজার। বর্তমানে গাছের বয়স ৬০ দিন। সবকিছু ঠিক থাকলে ৭০ দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করতে পারবেন বলে আশা করছেন।
এই চাষে এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। ওমর আলীর হিসাব অনুযায়ী, প্রতিটি তরমুজের গড় ওজন তিন কেজি হলে উৎপাদন হতে পারে ১৮ হাজার কেজি। প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করতে পারলে আয় হবে প্রায় ৯ লাখ টাকা। উৎপাদন খরচ বাদ দিলে লাভ থাকতে পারে ৬ লাখ টাকা।
উৎপাদনের পাশাপাশি বাজারজাতের প্রস্তুতিও এগিয়ে রাখছেন ওমর আলী। ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ব্যবসায়ীরা তার ক্ষেত পরিদর্শন করে ফলের অবস্থা দেখে কেনাবেচার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ওমর আলীর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে। স্থানীয় কৃষক জগদীশ রায়ের ভাষায়, আগে এসব জমিতে ধান, গম, ভুট্টা ও পাটের মতো প্রচলিত ফসলের আবাদ হতো। এবার মাচায় ঝুলন্ত বাহারি তরমুজ দেখে তারা অবাক হয়েছেন। ফলন ও বাজারদর ভালো হলে আগামী বছর তারাও এ ধরনের চাষের কথা ভাববেন।
কৃষি বিভাগের কর্মকর্তারাও এ চাষের সম্ভাবনা দেখছেন। নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ বললেন, ‘কিং সুগার ও সূর্য ডিম জাতের তরমুজ দেশের অন্যান্য এলাকায় ভালো ফলন দিয়েছে। মৌসুমের বাইরে উৎপাদিত হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষি বিভাগ থেকে ওমর আলীকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডলের ভাষায়, নীলফামারীতে প্রথমবারের মতো একজন কৃষক নিজস্ব উদ্যোগে বর্ষাকালীন নতুন জাতের তরমুজ চাষ করেছেন। সাধারণত বাজারে তরমুজের সরবরাহ কম থাকে, এমন সময়ে এসব ফল বাজারজাত করা সম্ভব।



