জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মকবুল হোসেন (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ফুফাতো ভাই মজিবুর রহমান জানান, একই গ্রামের আব্দুর রশিদদের সঙ্গে মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। শনিবার মকবুল হোসেন ওই জমিতে মাসকলাই চাষ করতে গেলে রশিদদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে আব্দুর রশিদরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মকবুল হোসেন খুন হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।



