বাঁশবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

ছবি: আগামীর সময়
মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট সেতুর ঢালে।
আজ সোমবার সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত ট্রাকচালকের নাম আবুল হোসেন মন্ডল। তিনি নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানালেন, বুড়ামারি বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে বরগুনা যাচ্ছিলেন আবুল হোসেন। পথে টেকেরহাট সেতুর ঢালে এলে পেছনের চাকা খুলে উল্টে যায় ট্রাকটি। তখন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন।
এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি।
এসআই মতিউর রহমান জানালেন, আজ সোমবার সকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক রাখা হয়েছে থানা হেফাজতে।





