মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক, অস্ত্র উদ্ধার

আটক দুইজন
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় তাদের কথিত আস্তানা থেকে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোমসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আজ শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল আমিন (৫০) ও ৭ নম্বর ওয়ার্ডের পলাশ বাবু (৪৫)। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
কোস্ট গার্ড জানায়, কুতুবজোমসংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশে একদল ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। তাদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, ‘মহেশখালী ও আশপাশের চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।



