ব্যবসার টাকা নিয়ে মনোমালিন্য, বাবার পাটের গুদামে আগুন দিলেন ছেলে

ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে বাবার পাটের গুদামে আগুন দিয়েছেন এক ছেলে। ছবি: আগামীর সময়
মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘরসহ সেখানে থাকা প্রায় ৩২০ মণ পাটের ৮০ শতাংশ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামমালিক।
আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার জামশা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম রাসেল মোল্লা। তিনি ওই এলাকার সামেজুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার আগে সকালে রাসেলকে গুদামের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তাকে গুদামের টিন ও দরজা ভাঙচুর করতে দেখা যায়। পরে তিনি গুদামে আগুন ধরিয়ে চলে যান।
আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গুদামমালিক সামেজুদ্দিন মোল্লা বলেছেন, ‘ব্যবসার টাকার সঠিক হিসাব নিয়ে ছেলের সঙ্গে আমার মনোমালিন্য হয়। এর জেরে উত্তেজিত হয়ে ছেলে গুদামে আগুন ধরিয়ে দেয়। গুদামে প্রায় ৩২০ মণ পাট ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আগুনে গুদামঘরটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাটের বড় একটি অংশ নষ্ট হয়েছে।’
সিংগাইর ফায়ার সার্ভিসের টিম লিডার মাহবুবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে গুদামঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি সেখানে থাকা পাটের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।




