কেসিসি প্রশাসক
এবারের পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে

ছবি: আগামীর সময়
সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। সবাই মিলে নিরাপদ নগরী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশা করেন। দেশের সব স্তরের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছে। এটি বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করেছে। সব ধর্মের মানুষ এ দেশে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে।
আজ শনিবার বিকেলে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের ৭৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে মোট সাত লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, মন্দির, মসজিদ, মাদ্রাসাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান।
এ সময় কেসিসির সচিব মো. রেজা রশিদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ও পূজা ফ্রন্টের সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা উপস্থিত ছিলেন।



