কুপিয়ে হত্যা করা হলো বিল পাহারা দিতে যাওয়া বদর উদ্দিনকে

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি বিলে রাতের বেলা পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলের মাঠ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বদর উদ্দিন সদর উপজেলার গহেরপুর মাঝেরপাড়ার বাসিন্দা। তিনি মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানালেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে পাহারারত অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা বদর উদ্দিনকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানালেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



