আমনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

শেরপুরের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ আর সোনালি সমারোহ। ছবি: আগামীর সময়
বগুড়ার শেরপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ আর সোনালি সমারোহ। কোথাও ধানের শিষে রং ধরেছে, কোথাও দানা ভরতে শুরু করেছে। কোথাও কৃষক জমিতে বালাইনাশক প্রয়োগ করছেন, আবার কেউ ব্যস্ত ধানের পরিচর্যায়। আর কয়েক দিন পরই শুরু হবে পুরোদমে ধান কাটার প্রস্তুতি। ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মনে আশার সঞ্চার হলেও সেই আশায় বাধা হয়ে দাঁড়িয়েছে উৎপাদন খরচ ও বাজারদরের হিসাব।
কৃষকদের হিসাবে, প্রতি বিঘা জমিতে আমন ধান উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা। অন্যদিকে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। প্রতি বিঘায় গড়ে ১২ থেকে ১৫ মণ ধান উৎপাদন হলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন। জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ, সার-কীটনাশক, সেচ, আগাছা পরিষ্কার, শ্রমিকের মজুরি ও জ্বালানি ব্যয় মেটাতে গিয়ে তাদের খরচ বেড়েই চলেছে।
কৃষকদের অভিযোগ, ফসল ঘরে তোলার পরও তাদের দুশ্চিন্তা শেষ হয় না। অভাবের তাড়নায় অনেক কৃষক ধান কাটা ও মাড়াইয়ের পরপরই তা বিক্রি করতে বাধ্য হন। ফলে দর-কষাকষির সুযোগ কম থাকে। এ সুযোগে ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে ধান কিনে মজুত করেন। পরে বাজারদর বাড়লে তা বিক্রি করে লাভবান হন তারা। অথচ উৎপাদনের ঝুঁকি ও পরিশ্রমের বড় অংশ বহন করতে হয় কৃষককে।
খামারকান্দি গ্রামের কৃষক মাহবুবুর রহমান এবার আট বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি জানিয়েছেন, জমিতে ধানের ফলন ভালো হয়েছে। তবে প্রতি বিঘায় হালচাষ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত প্রায় ১১ হাজার টাকা খরচ হবে। ধানের ন্যায্যমূল্য না পেলে লোকসানে পড়তে হবে। কৃষকেরা প্রতিনিয়ত ফসল উৎপাদন করে লোকসানের মুখে পড়লেও এর কার্যকর প্রতিকার মিলছে না।
খানপুর ইউনিয়নের কৃষক রাশেদুল হক ১২ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। তিনি জানিয়েছেন, এবার ধানের অবস্থা ভালো। শুরু থেকে চারবার বালাইনাশক প্রয়োগ করতে হয়েছে। এখন ধান কাটার অপেক্ষায় রয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ধান কেটে জমিতে শুকিয়ে বাড়িতে নেবেন। এতে আরও খরচ হবে।
রাশেদুল হক বললেন, প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ পড়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা। বাজারে ধানের ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে। সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করে সরাসরি গুদামে সরবরাহের সুযোগ পেলে কিছুটা লাভের মুখ দেখা সম্ভব হবে। অন্যথায় ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে।
কৃষকদের দাবি, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের ব্যবস্থা জোরদার করতে হবে। এতে কৃষকেরা ফসলের উপযুক্ত দাম পাবেন এবং উৎপাদনে আগ্রহী হবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার জানিয়েছেন, ২০২৫-২৬ আমন মৌসুমে শেরপুর উপজেলায় ২২ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবার ফলন ভালো হওয়ায় ৭৩ হাজার ৫১০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা আশা করছে কৃষি বিভাগ।




