গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে পরপর দুই ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ও বাইরে দুইটি ককটেল-এর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে যায়। একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান হবে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্য। কোনো একটি মহল পরিকল্পিতভাবে এ অনুষ্ঠানের আগ মুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন ঘৃণিত সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়েছে। ককটেল হামলাকারীদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রদল নেতা।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের কে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।



