মাধবপুরে বিকল ট্রাকে ডাকবাহী কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ছবি: আগামীর সময়
মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল পাথরবোঝাই ট্রাক। গভীর রাতে একই পথে ছুটে আসা বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যানটি সজোরে ধাক্কা দেয় ট্রাকটির পেছনে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রাণ হারান গাড়িতে থাকা তিনজন।
গতকাল বুধবার রাত আড়াইটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩)। জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনুর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে। আর রিপনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
তিনি জানান, বুধবার রাত দুইটার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে সিলেটগামী বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী মাঝারি কাভার্ডভ্যানটি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।




