হাতিয়ায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: আগামীর সময়
নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার পর্যন্ত সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মুসল্লিরা।
আজ বুধবার সকালে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আলী বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক জামসেদুল ইসলাম, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান দুলাল।
বক্তারা জানান, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার পর্যন্ত সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। কাদা ও গর্তের কারণে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটে। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সড়কটির বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




