শ্যামনগর
ওজন বাড়াতে চিংড়িতে জেলি পুশ, জরিমানা ৭০ হাজার

ছবি: আগামীর সময়
সাতক্ষীরার শ্যামনগরে ওজন বাড়ানোর জন্য চিংড়ির শরীরে রাসায়নিক ও জেলি পুশ করার সময় দুজনকে হাতেনাতে ধরেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত তাদের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানে ৮০ কেজি চিংড়ি, জেলি ও সিরিঞ্জ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার নূরনগর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। সঙ্গে ছিল শ্যামনগর থানা-পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটক ব্যক্তিরা হলেন নূরনগর এলাকার হাবিবুল্লাহ ও নুরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত হাবিবুল্লাহকে ৫০ হাজার ও নুরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, গোপন সংবাদে নূরনগর বাজারে একটি চক্র চিংড়ির ওজন বাড়াতে সিরিঞ্জ দিয়ে রাসায়নিক ও জেলি পুশ করছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুরের দিকে বাজারে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে দুজনকে আটক করা হয়।




