গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত সাইকেলচালক, বিক্ষুব্ধ জনতার আগুন

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পথচারী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল মোল্লা উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানালেন, মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় আরও তিন পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বললেন, বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।
এদিকে দুর্ঘটনা ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।



