ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের

ছবি: আগামীর সময়
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাভার্ড ভ্যানের ধাক্কায় তোরাপ মোল্লা (৭০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানচালক।
আজ সোমবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায়।
নিহত তোরাপ মোল্লা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে থানার এসআই সোহেল খান।
স্থানীয়দের বরাতে তিনি জানালেন, আজ সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোভ্যানে করে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন তোরাপ মোল্লা। পথে হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে অটোভ্যান যাত্রী তোরাপ মোল্লার ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোভ্যানচালকও আহত হন।
এসআই আরও জানালেন, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।


