বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে জরিমানার অর্থ জমা দেন এক নারী
দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের পর ভুল বুঝতে পেরে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জরিমানা জমা দিয়েছেন এক নারী যাত্রী।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ওই অর্থ জমা দেন তিনি।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানিয়েছেন, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করেছেন। দীর্ঘদিন পরে হলেও নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি সংশোধনের উদ্যোগ নেন তিনি। সিদ্ধান্ত নেন জরিমানার টাকা জমা দেবেন রেল কর্তৃপক্ষকে।
সেই চিন্তা থেকে যোগাযোগ করেন রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সঙ্গে। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী স্টেশনে সশরীরে উপস্থিত হয়ে জরিমানা হিসেবে ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী। পরে রেল কর্তৃপক্ষ টাকা জমা নিয়ে ওই নারীকে একটি মানি রিসিভ দিয়েছেন।
এ সময় ঈশ্বরদী জংশনের প্রধান বুকিং সহকারী শহিদুল ইসলাম, ট্রাফিক সুপারিনটেনডেন্ট এ কে এম নুরুল আলম উপস্থিত ছিলেন।



