কালকিনি
দুই শতাধিক অসহায় মানুষের পাশে ‘বাতিঘর’

ছবি: আগামীর সময়
অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘AY প্রকৃতি রক্ষায় মানবকল্যাণে বাতিঘর’। সংগঠনটির উদ্যোগে মাদারীপুরের কালকিনিতে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. নিজামুল হক এবং ডা. মিথিলা আক্তার তামান্না। তারা রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আল ইয়ামিন জানান, প্রত্যন্ত অঞ্চলে অর্থের অভাবে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ সময় সংগঠনটির নেতারা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করেন এবং সেবাগ্রহীতাদের সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দা ও সুধীজনেরা সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




