তথ্য প্রতিমন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়

ছবি: আগামীর সময়
শিক্ষার গুণগত মানোন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে— উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ অন্যরা।
এদিন সকালে প্রতিমন্ত্রী নান্দাইলের আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজের শিক্ষা পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।
মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানালেন তিনি।



