গাজীপুরে অপরাধ দমনে কঠোর অভিযানে নামছে মহানগর ডিবি

গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলনকক্ষে জরুরি দিকনির্দেশনামূলক ও মতবিনিময় সভা— সংগৃহীত
গাজীপুর মহানগরে জুয়া, মাদক, কিশোর গ্যাং, ভেজাল পণ্যের সিন্ডিকেট, মহাসড়কে ডাকাতি, হানি ট্র্যাপ, জালনোট ও ভিসা জালিয়াতিসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অভিযানে নামছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরাধীদের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রয়োজনে ছদ্মবেশে অভিযান পরিচালনা এবং আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলনকক্ষে মহানগর গোয়েন্দা বিভাগের কার্যক্রম আরও গতিশীল, ফলপ্রসূ ও আধুনিক করার লক্ষ্যে এক জরুরি দিকনির্দেশনামূলক ও মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়।
সভায় পুলিশ কমিশনার বলছিলেন, ‘টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার তরুণসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে ভেজাল মসলা ও নকল ওষুধের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে। অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পায়, সেজন্য প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করে গোয়েন্দা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ ছাড়া দূরপাল্লার নাইট কোচের যাত্রাবিরতির স্থান, মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি, হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেইলিং এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদও দেওয়া হয়েছে।
সভায় অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানি করে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার মতো অমানবিক অপরাধে জড়িত সিন্ডিকেটকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সন্ত্রাস দমন আইন ও জুয়া আইনসহ সংস্কারকৃত নতুন আইন কঠোরভাবে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
পুলিশ কমিশনার আরও বললেন, ‘মহানগরীর প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। গাজীপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে ডিবি পুলিশকে আরও বেশি প্রো-অ্যাক্টিভ হতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





