কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে একযোগে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চান্দিনা পৌরসভার হারং এলাকার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম (৪৫) রয়েছেন। তার বিরুদ্ধে আটটি সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি।



