অপহরণের ছয় দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে অপহরণের ছয় দিন পর রশিদ উল্লাহ (২১) নামের এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হোয়াইক্ষ্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
রশিদ উল্লাহ টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি/২ ব্লকের বাসিন্দা রহিম উল্লাহ ও জোহরা খাতুনের ছেলে।
এপিবিএন সূত্র জানায়, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হোয়াইক্ষ্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় রশিদ উল্লাহকে আটকে রেখেছিল সন্ত্রাসীরা। বিষয়টি জানতে পেরে উদ্ধার তৎপরতা শুরু করেন চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রশিদ উল্লাহকে ছেড়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। পরে এপিবিএনের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। একই দিন সন্ধ্যায় ক্যাম্পের ব্লক মাঝির উপস্থিতিতে তাকে তার বাবা রহিম উল্লাহর কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারের পর রশিদ উল্লাহর পরিবারের সদস্যদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
তবে কারা রশিদ উল্লাহকে অপহরণ করেছিল এবং কী কারণে তাকে আটকে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্তে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।






