রাতারগুলে রিসোর্টে সভা করেন সাবেক এমপি রনজিত, জানাল পুলিশ

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা সভার স্থান শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে সভাস্থলটি শনাক্ত করা হয়। সভাটি হয়েছিল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করা হয়। সকাল সাতটার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তারা মিয়া প্রাথমিকভাবে জানান, রনজিত সরকার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে ওই সভা করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে ঘটনাস্থলে যায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার সেখানে উপস্থিত হন। তিনি একটি ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
এর আগে গতকাল সোমবার বিকালে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রচার করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এ ঘটনার পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিতের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।



