মুদি দোকানের আড়ালে নিষিদ্ধ ওষুধ বিক্রি, ৬০ হাজার টাকা অর্থদণ্ড
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় এক ব্যবসায়ীকে সতর্ক করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুদি দোকানের আড়ালে নিষিদ্ধ ও অনুমোদনহীন বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার মরিচ মহল এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- গৌর সাহা, স্বপন সাহা ও তপন দেবনাথ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ও গর্ভধারণসংক্রান্ত নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মনোহারী ব্যবসার আড়ালে বিভিন্ন বেনামি ওষুধ বিক্রি করে আসছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। পাশাপাশি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।




