খুলনায় অস্ত্র-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ৬ জন
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ‘শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চক্রের মূলহোতা নূর আজিমের প্রত্যক্ষ নির্দেশে নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, সংস্থা ও কোচিং সেন্টারে গিয়ে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।’
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।



