লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি: আগামীর সময়
আগামী ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল করতে যশোরের কেশবপুরে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভায় কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সাত দফা দাবির গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।
আজ বুধবার সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সব ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন।
কেশবপুর উপজেলা জামায়াতের আমির ও যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন ও আরশাদুল আলম, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান এবং উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ওজিয়ার রহমান। এ ছাড়া উপজেলা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।




