সাতক্ষীরা বিএনপির নেতা মনিরুজ্জামান
‘সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, কিন্তু সীমান্ত পেরিয়ে হাসিনাকে আসতে দেওয়া হবে না’

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা বা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
আজ রবিবার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ করে উপজেলা বিএনপি।
মনিরুজ্জামান বললেন, ছাত্র-জনতার আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যদের কষ্ট এখনো শেষ হয়নি। তাই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
প্রতিবেশী দেশের সমালোচনা করে তিনি বললেন, একটি দেশ তাদের সর্বশক্তি নিয়োগ করে শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদরাজ্যে পরিণত করতে চায়। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির। উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।
আরও বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান প্রমুখ।



