‘স্বজনদের রক্তের বিচার হলো’, রায় শুনে রোহিঙ্গারা

বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা । ফাইল ছবি
আগস্ট মাস। ২০১৭ সালের কথা। চোখ বন্ধ করলেই ফিরে আসে গুলির শব্দ, জ্বলন্ত ঘর আর স্বজনের নিথর দেহের স্মৃতি। কেউ হারান বাবা-মা, কেউ সন্তান, কেউবা স্বামী কিংবা ভাই। কারও চোখের সামনেই কেড়ে নেওয়া হয় প্রিয়জনের প্রাণ। প্রায় এক দশক পেরিয়ে গেলেও বুকের ভেতর জমে থাকা ক্ষত এখনো শুকায়নি। সেই ভয়াবহ স্মৃতি আর স্বজন হারানোর বেদনা বুকে নিয়েই কক্সবাজারের শরণার্থীশিবিরে দিন কাটছে অন্তত ১৫ লাখ রোহিঙ্গার।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে সিদ্ধান্ত আসার পর সেই পুরনো ক্ষতের যেন খানিকটা উপশম হলো। ক্যাম্পে ছড়িয়ে পড়েছে স্বস্তি, আবেগ আর দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশা। অনেকের চোখে পানি। তাদের একটিই কথা, ‘বিশ্ব অবশেষে আমাদের কথা শুনেছে। আমাদের স্বজনদের রক্তের বিচার হলো।’
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের আদালতে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। গাম্বিয়ার করা মামলায় সাত বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো মিয়ানমারকে। এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন আন্তর্জাতিক এই আদালত।
রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে।
‘সেই রাত আজও শেষ হয়নি’
এমন রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা মাস্টার আব্দুল জব্বারের কাছে। স্মৃতি হাতড়িয়ে বললেন, ‘২০১৭ সালের সেই রাত আজও শেষ হয়নি। গভীর রাতে গুলির শব্দে ঘুম ভেঙে যাওয়া, চারদিকে মানুষের চিৎকার, আগুনের লেলিহান শিখা। সবই এখনো স্মৃতিতে স্পষ্ট।’
তার ভাষ্য, মিয়ানমারের সেনাসদস্যরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায়। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পালানোর চেষ্টা করেও অনেকে বাঁচতে পারেননি। কারও চোখের সামনে স্বজনকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। নারীদের ওপর চালানো হয়েছে যৌনসহিংসতা। কেউ সন্তানকে বুকে জড়িয়ে পালিয়েছেন, কেউ বৃদ্ধ মা-বাবাকে ফেলে যেতে বাধ্য হয়েছেন। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেছে হাজারো পরিবার।
আব্দুল জব্বারের মতোই রোহিঙ্গা ছৈয়দ আলমও এসেছেন সেই ভয়াবহতা পেছনে ফেলে। শোনালেন সেই স্মৃতিও।
তার মতে, প্রাণে বেঁচে যারা ছিলেন, তাদের সামনে দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। পাহাড়, জঙ্গল ও নদী পেরিয়ে দিনের পর দিন হেঁটে বাংলাদেশে আসতে হয়েছে। পথে কেউ হারিয়েছেন স্বজন, কেউ ক্ষুধা-তৃষ্ণায় অসুস্থ হয়েছেন, আবার কেউ আর কখনো পৌঁছাতে পারেননি নিরাপদ আশ্রয়ে।
বাংলাদেশে আশ্রয় মিললেও হারানো বাড়ি, জমি আর স্বজনের স্মৃতি ফিরে পাননি তারা। কক্সবাজারের ক্যাম্পে কেটে গেছে প্রায় এক দশক। এখন আইসিজের রায় তাদের কাছে শুধু একটি আদালতের সিদ্ধান্ত নয়, বরং হারানো মানুষগুলোর জন্য ন্যায়বিচারের স্বীকৃতি।
তরুণীদের হাত-পা বেঁধে যৌননির্যাতন চালাতেন সেনাসদস্যরা
লেদা ক্যাম্পের রোহিঙ্গা নারী আমিন খাতুনের চোখে এখনো ’১৭ সালের সেই দিনগুলো দগদগে। মংডুতে থাকার সময় স্বজনদের ওপর নির্যাতনের ঘটনা নিজের চোখে দেখেছেন বলে জানান তিনি।
তার অভিযোগ, সেনাসদস্যরা তরুণীদের ধরে নিয়ে হাত-পা বেঁধে যৌননির্যাতন চালিয়েছে। পরে তাদের পুড়িয়ে হত্যাও করা হয়েছে।
পুরনো সেই স্মৃতি বলতে গিয়ে চোখ বেয়ে পানি নেমে আসে আমিন খাতুনের। কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমার সামনে আত্মীয়স্বজনের অনেক তরুণীকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এসব মনে পড়লে কলিজা ফেটে যায়। প্রায় এক বছর আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে। আমরা চাই, এসব নির্যাতন ও হত্যার সুষ্ঠু বিচার হোক। আমার মতো হাজারো নারী একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।’
আইসিজের রায় ঘোষণার দিন সেই প্রত্যাশাই যেন নতুন করে সামনে এসেছে। ক্যাম্পের আরেক বাসিন্দা ছৈয়দুল আমিন বললেন, ‘এই রায়ে জীবনে এখনই বড় কোনো পরিবর্তন না-ও আসতে পারে। কিন্তু দীর্ঘদিনের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটাও বড় বিষয়।’
‘যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিষয়টি স্বীকার করেছে। এখন আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ। তার প্রত্যাশা, এই রায়ের পর অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে’-মনে করেন রোহিঙ্গা তরুণ আব্দুল হাফিজ।
সুবিচার পাবেন এমন আশা রোহিঙ্গা তরুণী সাদিয়া জাহানের। ‘বিশ্বের প্রভাবশালী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের বিচার নিশ্চিত করবে।’
রোহিঙ্গা নেতারাও আইসিজের রায়কে দেখছেন নিপীড়নের আন্তর্জাতিক স্বীকৃতি এবং জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাকালীন সভাপতি সাঈদ উল্লাহর ভাষায়, ‘ন্যায়বিচারের আশায় প্রায় এক দশক ধরে আমরা অপেক্ষা করছি। আদালতের সিদ্ধান্ত ইতিবাচক ফল বয়ে আনবে।’
‘মিয়ানমারকে জবাবদিহিতায় আনতে নৈতিক চাপ বাড়াবে’
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরের প্রত্যাশা, আদালতের রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পথ শক্ত করবে। একই সঙ্গে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ওপর মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার নৈতিক চাপ বাড়াবে।
তার ভাষ্য, রোহিঙ্গাদের প্রত্যাশার সবচেয়ে বড় জায়গাটি এখনো পড়ে আছে জন্মভূমিতে। তারা ফিরতে চান মিয়ানমারে। তবে সেই ফেরার সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পাওয়ার নিশ্চয়তা।
কী আছে আইসিজের রায়ে
আইসিজের রায়ে শুধু হত্যা ও নির্যাতনের ঘটনা নয়, গণহত্যার আলামত ধ্বংসের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিচারক ইউজি বলেছেন, অনেক মরদেহ পুড়িয়ে ফেলা বা সরিয়ে দেওয়া হয়েছে। ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো বিভিন্ন এলাকা পরে পুড়িয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে ২০১৭ সালে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে হত্যা, যৌনসহিংসতা, শিশুদের ওপর চরম নৃশংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপর হামলা চালানো হয়েছিল।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারণ করেননি আদালত। ক্ষতির মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী আইনি প্রক্রিয়ায় এর পরিমাণ ও প্রদানের পদ্ধতি নির্ধারণ করা হবে। রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে।
গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতার মতো অপরাধের সঙ্গে জড়িতদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ার বিষয়টিও রায়ে উঠে এসেছে। সামরিক কমান্ডারদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিচারক।
‘আমরা কবে বাড়ি ফিরব’-প্রশ্ন রোহিঙ্গাদের
রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় নিঃসন্দেহে বড় স্বীকৃতি। কিন্তু এর পরও একটি প্রশ্ন তাদের সামনে, ‘আমরা কবে বাড়ি ফিরব?’
নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) ইমদাদুল ইসলাম বলেছেন, গাম্বিয়ার মামলার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরাসরি সম্পর্ক নেই। মামলায় মূলত গণহত্যা সংঘটিত হয়েছে কি না এবং গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা বিবেচনা করা হয়েছে।
চীন ও রাশিয়ার ভেটোতে রায় বাস্তবায়নে বাধা
ইমদাদুল হকের মতে, আইসিজের নিজস্বভাবে রায় বাস্তবায়নের শক্তি নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহযোগিতা প্রয়োজন হবে। সেখানে চীন ও রাশিয়ার ভেটোর কারণে বাস্তবায়নে বাধা আসতে পারে। তবে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের রোহিঙ্গাদের দাবি পূরণ হলো- মনে করেন বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। ‘মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ওপর নৈতিক চাপ তৈরি হবে।’






