নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাশ্মির গ্রুপের একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জিম্মি করে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকাসহ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকার ঘটনা এটি। গতকাল বুধবার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মারুফ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রেখে লুটপাট চালায় ডাকাতরা। একপর্যায়ে প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনে থাকা দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় তারা। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, নগদ অর্থ ও মালামাল মিলিয়ে লুটের পরিমাণ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ অর্থ ও মালামাল লুটের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ডাকাতির ঘটনায় কোম্পানির লোকজনের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’



