সন্তানদের জন্য নাস্তা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ (৪০) নামে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হলেও শিশুদের জন্য নাস্তা নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল্লাহ এলাকার মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে। তিনি পেশায় একজন পিকআপচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনে চলাচলের সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। তবে ঠিক কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, সকালে সন্তানদের জন্য নাস্তা আনতে বাড়ি থেকে বের হন আবদুল্লাহ। পরে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পায় পরিবার।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।







