অভিযানের খবরে দোকান বন্ধ করলেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে দোকান বন্ধ করে চলে গেছেন ওষুধ ব্যবসায়ীরা। একটি দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অননুমোদিত ওষুধ রাখায় দোকানমালিককে করা হয় জরিমানা।
আজ মঙ্গলবার আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
এ সময় আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে জরিমানা গুনতে হয় দোকানি মো. মাহিনকে।
মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে বাজারের দুই শতাধিক দোকান বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ীরা- জানা গেল প্রশাসন সূত্রে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বললেন, ‘ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’






