প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে দুই লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে দুই লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে অংশীজনদের সঙ্গে কথা বলে ভেনামি চিংড়ি বাণিজ্যিকভাবে উৎপাদনের অনুমতি প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা হোটেল সিটি ইনে বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাছের উৎপাদন বাড়াতে পতিত জলাশয়গুলো খনন শুরু হয়েছে। আগামীতে আমরা মিঠা পানির মাছ দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। সরকারের অবস্থান থেকে এ কাজে সর্বোচ্চ চেষ্টা রয়েছে।
তিনি আরো বলেন, সরকার মৎস্যখাতকে গুরুত্ব দিচ্ছে। এবারের বাজেটে মৎস্য সেক্টর অগ্রাধিকার পেয়েছে। মৎস্য খামারে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমাদের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিষয়টির অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেজন্য এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা চালু করেছে। খামারিদেরও কার্ডের আওতায় আনা হবে।
মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আজগার, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, ৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম জহীর। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফএফইএ’র সহসভাপতি এস কে কামরুল আলম।




