অসময়ে তরমুজ চাষে এক মৌসুমেই লাভ ৩ লাখ

ছবি: আগামীর সময়
বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে নিতে পড়াশোনা ছাড়তে হয়েছিল শচীন কবিরাজকে। নিজের কোনো কৃষিজমি নেই। অন্যের জমি ভাড়া নিয়ে চিংড়ি ঘের করে জীবিকা চালান। সেই ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষ করে এবার ৩ লাখ ৩১ হাজার টাকা বিক্রি করেছেন তিনি। খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ৩ লাখ টাকার বেশি।
খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বলাবুনিয়া গ্রামের শচীনের বয়স ৩১ বছর। ২০১৬ সালে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে কৃষিকাজ শুরু করেন তিনি। অন্যের দুই একর জমি বার্ষিক ভাড়ায় নিয়ে বাঁধ দিয়ে গড়ে তোলেন মিষ্টি পানির গলদা চিংড়ি ও রুই-কাতল মাছের ঘের। পাশাপাশি ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। তবে খরচ বাদে সবজি চাষে লাভ কম হওয়ায় বিকল্প ফসলের খোঁজ করতে থাকেন।
বিলের অন্য কৃষকদের দেখে ২০২৩ সালে প্রথমবার ঘেরের আইলে ৬০০ তরমুজের চারা লাগান শচীন। এতে খরচ হয়েছিল ২০ হাজার টাকা। বিক্রি হয়েছিল ৬০ হাজার টাকার তরমুজ। পরের দুই বছর জলাবদ্ধতার কারণে চাষ করতে পারেননি। তবে এবার পরিস্থিতি অনুকূলে থাকায় নতুন উদ্যমে তরমুজ চাষে নামেন তিনি।
শচীনের ভাষায়, বীজ বপনের পর জৈব সার দিয়ে মাদা তৈরি করেন। চারা গজানোর পর প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, ফসফেট, সালফার, দস্তা ও অন্যান্য সার প্রয়োগ করেন। রোগবালাই দমনে ছত্রাকনাশকও ব্যবহার করতে হয়েছে। চারা বড় হওয়ার পর ডগা ঘেরের ভেতরে তৈরি মাচায় তুলে দেওয়া হয়। ৪০-৪৫ দিনের মধ্যে গাছে ফল আসতে শুরু করে। ৫৫-৬০ দিন পর তরমুজ সংগ্রহ ও বিক্রি শুরু করেন।
এবার পাঁচ দফায় তরমুজ বিক্রি করেছেন শচীন। প্রথম দফায় ডুমুরিয়ার আড়তে বিক্রি করে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার টাকা। দ্বিতীয় দফায় ক্ষেত থেকে বিক্রি করেছেন ৮৫ হাজার টাকার তরমুজ। পরের তিন দফায় বিক্রি হয়েছে যথাক্রমে ৪৭ হাজার, ৩৫ হাজার ও ৩২ হাজার টাকার তরমুজ। সব মিলিয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩১ হাজার টাকার। তার হিসাবে, মোট উৎপাদন খরচ হয়েছে ৩০ হাজার টাকা।
শচীনের এই সাফল্য অবশ্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ডুমুরিয়ার বিভিন্ন বিলে চিংড়ি ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। মাছ ও সবজির বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় বিকল্প হিসেবে তরমুজ চাষের দিকে ঝুঁকছেন তারা।
কৃষকদের এই আগ্রহের প্রতিফলন দেখা গেছে সরকারি হিসাবেও। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেছেন, ‘চলতি বছর উপজেলায় অসময়ের তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ২১৫ হেক্টর জমিতে। কৃষকদের আগ্রহের কারণে আবাদ হয়েছে ৩৩৫ হেক্টরে। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আটলিয়া, শোভনা, শরাফপুর, মাগুরখালী ও ভাণ্ডারপাড়া ইউনিয়নে এ চাষ বেশি হয়েছে। তবে কমবেশি সব ইউনিয়নের কৃষকরা তরমুজ আবাদ করেছেন।’



